নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে নানা মবজেল শেখের বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা খানম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আয়েশা খানম জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা তার বাবা-মায়ের সঙ্গে পাশের চরআড়িয়ারা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানবসত: সে পুকুরে পড়ে ডুবে যায়।
ডুবে যাওয়ার বেশ কিছু সময় পর স্বজনরা ও এলাকাবাসী পুকুরের পানিতে আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।