খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা দুটি পৃথক বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবরটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
শনিবার বান্নু জেলায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। জেলাটি আফগানিস্তান সীমান্তসংলগ্ন অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের কাছাকাছি অবস্থিত।
জেলা পুলিশের প্রধান ইয়াসির আফ্রিদি সাংবাদিকদের জানান, সড়কের পাশে পেতে রাখা প্রথম বোমাটি একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত তিনজন আহত হন।
প্রথম বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা নিহত ও আহতদের অ্যাম্বুলেন্সে তুলতে এগিয়ে আসেন। ঠিক সেই সময়ই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। এতে আরও অন্তত দুজন নিহত হন।
এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পরপরই তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই হামলার দায় এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।