গোপনে বিয়ে করলেন ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ড?
মার্ভেলের জনপ্রিয় ‘স্পাইডারম্যান’ তারকা টম হল্যান্ড নাকি গোপনেই বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা ও অভিনেত্রী জেনডায়াকে।
হলিউডের এই আলোচিত জুটির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার জেনডায়ার ঘনিষ্ঠ স্টাইলিস্ট ল রোচের এক মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল রোচ ইঙ্গিত দেন, টম হল্যান্ড ও জেনডায়া ইতোমধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।
২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ সিনেমার শুটিং সেটে পরিচয় হয় টম ও জেনডায়ার। পরবর্তীতে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০২১ সালে প্রথমবারের মতো তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।
গত বছরের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার হাতে হীরার আংটি দেখা যাওয়ার পর থেকেই বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড জেনডায়াকে ‘ফিয়ঁসে’ বা বাগদত্তা হিসেবে উল্লেখ করলে সেই আলোচনা আরও জোরালো হয়।
পর্দার বাইরে যেমন তাদের সম্পর্ক আলোচনায়, তেমনি অভিনয় জীবনেও তারা সফল জুটি। ‘স্পাইডারম্যান’ সিরিজের একাধিক চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন দুজন। আগামী বছরও নতুন ‘স্পাইডারম্যান’ সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের।
যদিও বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি টম হল্যান্ড বা জেনডায়া, তবে ঘনিষ্ঠজনের মন্তব্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হলিউডের এই জনপ্রিয় তারকা জুটি।