শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন না শাকিব খান, জানা গেল যে কারন
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেননি ।
শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তার অনুপস্থিতি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে শুরু হয় নানা আলোচনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় দেশে ছিলেন না শাকিব খান। ভোটের আগের দিন, বৃহস্পতিবার রাতেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম উদ্দেশ্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক শাকিব খান টিকিট নিশ্চিত করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন।
তবে বিশ্বকাপ দেখাই এই সফরের একমাত্র কারণ নয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির অভিবাসনসংক্রান্ত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। সেই প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করাও এবারের সফরের গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য।
এদিকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।
উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আর সেই আসরের ফাইনাল ঘিরেই এবার যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই তারকা
।






