‘ফল খান দেশি, বল পাবেন বেশি’ প্রতিপাদ্যে নড়াইলে চিলড্রেন ভয়েস স্কুলে ফল উৎসব
‘ফল খান দেশি, বল পাবেন বেশি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল শহরের চিলড্রেন ভয়েস স্কুলে দেশীয় ফল নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দেশীয় বিভিন্ন মৌসুমি ফল দিয়ে আকর্ষণীয় স্টল সাজানো হয়। শিক্ষার্থীরা বিভিন্ন ফল প্রদর্শনের পাশাপাশি সেগুলোর পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরে।
বিদ্যালয়ের পরিচালক সৈয়দ নাজমুস সাকিব বলেন, শিশুদের দেশীয় ফল খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি, পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং বিদেশি ফলের পরিবর্তে দেশীয় ফলের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, দেশীয় মৌসুমি ফল ভিটামিন ও পুষ্টিগুণে সমৃদ্ধ। নিয়মিত এসব ফল খাওয়ার অভ্যাস শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে শিশুদের দেশীয় ফল খাওয়ার বিষয়ে আরও সচেতন হতে হবে।
উৎসবে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, সন্তানকে নিয়ে প্রথমবারের মতো ফল উৎসবে অংশ নিয়ে তিনি আনন্দিত। অন্যদিকে শিক্ষার্থীরা জানায়, বইয়ে দেখা বিভিন্ন ফল এবার তারা বাস্তবে দেখতে ও চিনতে পেরেছে, যা তাদের জন্য নতুন অভিজ্ঞতা।
উৎসব শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন দেশীয় ফল পরিবেশন করা হয়। আনন্দঘন এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।