ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

১৬ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ১২:৩৮
 10.7k
ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ঈশানগাতী গ্রামের মৃত ইকলাস মোল্যার ছেলে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি লোহাগড়া থানায় পাঠানো হলে পুলিশ তা রুজু করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন। এ সুযোগে তরিকুল ইসলাম ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়াসহ অশালীন আচরণ করতেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রাজি না হওয়া এবং বিষয়টি স্বামীকে জানানোয় তরিকুল তার ওপর ক্ষিপ্ত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ৩১ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে বাড়িতে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। পরে হাঁস-মুরগি দেখে ঘরে ফেরার সময় পেছন থেকে তরিকুল তাকে জাপটে ধরেন বলে অভিযোগ করা হয়। এ সময় আরও দুই থেকে তিনজনের সহযোগিতায় তাকে ধর্ষণ করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীর ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে তার মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘটনার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. তরিকুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।