নড়াইলে শিশুকণ্যা ধর্ষণ ও  হত্যা মামলার চার্জশীট প্রদান করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা

৪ আগস্ট, ২০২৬ - রাত ৭:২৫
 1.3k
নড়াইলে শিশুকণ্যা  ধর্ষণ ও  হত্যা মামলার চার্জশীট প্রদান করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা
আসামী রবিউল সিকদার রবি

নড়াইলের রামচন্দ্রপুরের দত্তপাড়া এলাকায় ৫ বছরের শিশুকণ্যা জান্নাতুলকে ধর্ষণ ও  হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীট দেয়া হয়েছে।

 প্রাথমিকভাবে আসামী রবিউল সিকদার রবির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আসামী মোঃ রবিউল ইসলাম রবি ইতিমধ্যে ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু চার্জশীট প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) বিকেলে জান্নাতুলের বাবা মফিজুর রহমান স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। জান্নাতুল সেই মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করার সময় প্রতিবেশী ফুফাতো ভাই রবিউল সিকদার রবি তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর জান্নাতুল বাড়িতে না ফেরায় খোজাখুজির একপর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পরদিন মঙ্গলবার (২১ জুলাই)  সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আসামি রাজমিস্ত্রি রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। নিহত জান্নাতুল দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘাতক রবিউলের ফাঁসির দাবিতে মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে নড়াইল। বৃষ্টির তোয়াক্কা না করে এসপি অফিসের সামনে নড়াইল-মাইজপাড়া-মাগুরা সড়কে অবস্থান নেন ছাত্র-জনতা।

পাশাপাশি নড়াইল-বেনাপোল-ঢাকা জাতীয় মহাসড়কের দত্তপাড়া এলাকায় টানা ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরবর্তীতে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রবিউলের দ্রুত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।