মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরে যাবেন চীন

২১ জুন, ২০২৬ - বিকাল ৬:৩৪
 1k
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরে যাবেন চীন
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। এ সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গী হয়েছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী  মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম।

মালয়েশিয়া সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এ সফরে বাংলাদেশের জন্য শ্রমবাজার সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২১ জুন প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। ২২ জুন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে উভয় দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

এ ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ-সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।

পররাষ্ট্র সচিব আরও জানান, বাংলাদেশের আসিয়ান সংলাপ অংশীদার (ডায়ালগ পার্টনার) এবং আরসিইপি (রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ)-এ যোগদানের প্রচেষ্টার বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করা হবে।

দুই দিনের মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি চীন সফরে যাবেন। চীনের প্রধানমন্ত্রী  লি কিয়াং-এর আমন্ত্রণে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করবেন। কর্মসূচি অনুযায়ী, ২২ জুন দুপুরে কুয়ালালামপুর থেকে রওনা হয়ে একই দিন সন্ধ্যায় দালিয়ানে পৌঁছানোর কথা রয়েছে।