ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক
ফুটবল উন্মাদনায় ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। ব্রাজিলের জয়ের পর নিজের দেওয়া কথা রাখতে মাথা ন্যাড়া করলেন এক আর্জেন্টিনা সমর্থক।
স্থানীয় বাসিন্দা কাজী রাফি শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয় পায়, তবে তিনি মাথা ন্যাড়া করবেন।
তার এই ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এলাকায় শুরু হয় আলোচনা, কৌতূহল আর উত্তেজনা।
ম্যাচে ব্রাজিল জয় পাওয়ার পর শনিবার (২০ জুন) পটুয়াখালী শহরের ঝাউবন এলাকায় ভিড় করেন ব্রাজিল সমর্থকরা। পরে কাজী রাফি নিজ বাসা থেকে বের হয়ে সেখানে উপস্থিত হন।
সবার সামনে উৎসবমুখর পরিবেশে তার মাথা ন্যাড়া করা হয়। পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করেন অনেকেই। পরে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এক ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, “সে কথা দিয়েছিল, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবে। আজ সে কথা রেখেছে।”
মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি ফেসবুক লাইভে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই আমি কথা রেখেছি।”
স্থানীয়রা বলছেন, ফুটবলকে ঘিরে এমন ঘটনা এলাকায় আনন্দের আবহ তৈরি করেছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা আর মজার প্রতিদ্বন্দ্বিতার এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে এটি।