বিশ্বকাপ থেকে প্রথম বিদায় হাইতির
২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ৩-০ গোলের পরাজয়ের পর টুর্নামেন্টে তাদের শেষ ষোলোয় ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।
বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় আসা ক্যারিবীয় দেশটি শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়ে।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারের পর ব্রাজিলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের। কিন্তু শক্তিশালী ব্রাজিলের সামনে টিকতে পারেনি হাইতির রক্ষণভাগ। প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দলটি।
দুই ম্যাচ শেষে হাইতির সংগ্রহ শূন্য পয়েন্ট। গ্রুপ পর্বে তাদের বাকি আছে শুধু মরক্কোর বিপক্ষে একটি ম্যাচ। সেই ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ তিন। অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়ায় সমান পয়েন্ট হলেও হেড-টু-হেড বিবেচনায় এগিয়ে থাকবে স্কটিশরা। ফলে হাইতির পক্ষে আর গ্রুপের শীর্ষ তিনে ওঠা সম্ভব নয়।
ফলে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো হাইতির। ২০২৬ বিশ্বকাপের প্রথম বিদায়ী দল হিসেবেই এখন তাদের নাম লেখা হলো ইতিহাসে।





