হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দাপুটে জয়

২০ জুন, ২০২৬ - সকাল ৯:৫৮
 963
হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দাপুটে জয়

হাইতির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে ৩-০ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।

বিশ্বকাপ মিশনের শুরুটা প্রত্যাশামতো হয়নি। মরক্কোর বিপক্ষে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলকে। তবে দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল করেনি সেলেসাওরা। 

শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই গোলের খোঁজে নামে ব্রাজিল। ম্যাচের প্রথম দিকেই রাফিনিয়া গোলের সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। এর আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৩ মিনিটে ভিনি জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে ঠেকালেও ফিরতি বলে জালে বল পাঠিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন মাতেউস কুনিয়া।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩৬ মিনিটে আবারও ভিনির তৈরি করা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন কুনিয়া। বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এর কিছুক্ষণ পর চোটের শঙ্কায় মাঠ ছাড়েন রাফিনিয়া। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দুর্দান্ত পারফরম্যান্সে গোলের ছোঁয়াও যোগ করেন ভিনি জুনিয়র। পাকেতার পাস ধরে গোলরক্ষককে একা পেয়ে নিখুঁত ফিনিশে ব্রাজিলের তৃতীয় গোল করেন তিনি। প্রথম দুই গোলেও ছিল তার সরাসরি অবদান।

৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে কর্নার থেকে হাইতি একটি ভালো সুযোগ তৈরি করলেও গোললাইন থেকে বল ক্লিয়ার করে বিপদ কাটান দানিলো।

এরপর বদলি হিসেবে নামা এনদ্রিক বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ম্যাচের শেষদিকে তার আরেকটি শটও গোললাইন থেকে ফিরিয়ে দেয় হাইতির রক্ষণভাগ।

ফলে আর গোল না হলেও জয়ে কোনো বাধা আসেনি। প্রথমার্ধের তিন গোলই শেষ পর্যন্ত যথেষ্ট হয়েছে ব্রাজিলের জন্য।

মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জয়ের পথে শক্তভাবেই ফিরল সেলেসাওরা।