ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার মুশরীভুজা-বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক ওই এলাকার ইয়াসিন আলীর ছেলে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আসাদুল হক ও ইলিয়াস আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে গুরুতর আহত হন আসাদুল হক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে সংঘর্ষের সময় অন্তত তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।