ফরিদপুরে অনুষ্ঠিত হলো ‘চাকরি মেলা-২০২৬’
বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী যুবক-যুবতী অংশগ্রহনে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা-২০২৬’। কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টা থেকে ফরিদপুরের জসীমউদ্দীন হলে দিনব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। তারা তাদের জনবল নিয়োগ কার্যক্রম নিয়ে উপস্থিত ছিল।
মেলার মাধ্যমে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান। পাশাপাশি নিজেদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ এস এম মইনুল আহসান এবং এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের গুরুত্ব অপরিসীম। যুবসমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। যা দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।
আয়োজকরা জানান, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং যুবসমাজকে কর্মবাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ‘চাকরি মেলা-২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






