১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

৬ জুলাই, ২০২৬ - রাত ১:০৬
 1.2k
১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

আগামী ১৬ জুলাইকে আনুষ্ঠানিকভাবে 'শহিদ দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই দুটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল, যা শুধু পুরো দেশে নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এই ঘটনা ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেশি বেগবান ও ত্বরান্বিত করে তুলেছিল।

তিনি আরও জানান, আলোচিত শহিদ আবু সাঈদের আত্মত্যাগের কথা সবার জানা, যিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার এই অবদানকে চিরস্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান।

একই দিনে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণেও সমমর্যাদায় আরেকটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজেই।

২০২৪ সালের ১৫ জুলাইয়ের ঘটনার কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ওই দিন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্র-ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলার তীব্রতা ছিল অনেক বেশি। সেই ভয়াবহ দিনটিকে স্মরণ করতে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, এই প্রদর্শনীর নাম হতে পারে 'ক্যাম্পাসের ক্ষতচিহ্ন' অথবা 'প্রতিরোধের সূচনা'। চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনে কিংবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে এই প্রদর্শনীর আয়োজন করা হতে পারে।