নড়াইলে নানা আয়োজনে বর্ষা ঋতুকে বিদায়
নড়াইলে সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য, স্মৃতিচারণমুলক আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে বর্ষা ঋতুকে বিদায় ও শরৎ ঋতুকে বরণ করা হয়েছে। শনিবার (২২ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইলের সাংস্কৃতিক সংগঠন "গ্রোভ শিল্পী গোষ্ঠী" ও "সুর দরিয়ার উদ্যোগে অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা বর্ষা বিদায় ও সনদপত্র বিতরণ করে, সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে তোলে।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলার মাঝে মাঝে অতিথিবৃন্দ বর্ষা ও শরৎ ঋতুকে স্মরণ ও বরণ করে বক্তব্য তুলে ধরেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর কালিদাস বিশ্বাস, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল ইসলাম , জেলা কালচারাল অফিসার মোঃ আব্দুল রাকিবিল বারী, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, ছায়ানট ললিতকলা পরিষদের সভাপতি আসলাম খান লুলু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, চিত্রা থিয়েটারের সাধারন সম্পাদক নাজমুল হাসান লিজা, সাংষ্কৃতিক কর্মী মুন্সী আসাদুর রহমান, চিত্র শিল্পী সমীর বৈরাগী, সুর দরিয়ার সভাপতি প্রতুল হাজরাসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভ সরকার ।
বক্তারা বলেন বর্ষার স্নিগ্ধতা ও সজীবতার পর শরৎ প্রকৃতিতে নিয়ে আসে এক নতুন রূপ। এ সময় আকাশে ভাসে সাদা মেঘের ভরলা, ফোটে শিউলি ফুল এবং চারপাশ এক শান্ত ও সুন্দর রূপ ধারণ করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে অতিথিবৃন্দ সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে গ্রেভ শিল্পী গোষ্ঠী" ও "সুর দরিয়া সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।





