মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে মাগুরা সদর উপজেলার আবালপুর স্কুল এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিপন মিয়া (৪৫) এবং বেঙ্গা-বেরইল এলাকার গোলাম রব্বানীর ছেলে রাব্বি ইসলাম নাঈম (৪০)। আহত নারী বৃষ্টি আক্তার (২৫) পশ্চিম রামনগর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন মিয়া তার মেয়ে বৃষ্টি আক্তারকে চিকিৎসকের কাছে দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। একই সময়ে রাব্বি ইসলাম নাঈম কর্মস্থল মাগুরা পুরাতন বাজারের একটি মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। আবালপুর স্কুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে রাব্বি ইসলাম নাঈম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রিপন মিয়া ও বৃষ্টি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপন মিয়ার মৃত্যু হয়।
গুরুতর আহত বৃষ্টি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






