চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে
দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন (রবিবার) থেকে ভিসা আবেদন গ্রহণ শুরু হবে। ফলে চিকিৎসা, ভ্রমণ ও পারিবারিক প্রয়োজনে ভারতে যেতে পারবে বাংলাদেশিরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসা আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করতে হবে। এজন্য আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
যেভাবে করবেন আবেদন
প্রথমে ভারতের ভিসা আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ভারতের জন্য ভিসা আবেদন করতে হবে https://indianvisabangladesh.nic.in/visa/Registration এই ঠিকানায়। এখানে আবেদন ফর্ম পাবেন। সঠিকভাবে পূরণ করার পর ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। ফরম পূরণের পর সেটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। এরপর আইভ্যাকের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।
শুধু যেসব আবেদনকারী ঠিকভাবে তাদের ওয়েবফাইল আপলোড করেছেন, তাদের জন্য একই দিন বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য https://appointment.ivacbd.com/ সাইনআপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইনআপ করতে হবে।
সাইন-আপের সময় ভিসা আবেদনপত্রে ব্যবহৃত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। ই-মেইল ও মোবাইল নম্বর যাচাইয়ের জন্য পৃথক ওটিপি পাঠানো হবে। যাচাই শেষে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এরপর লগইন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করলে স্বয়ংক্রিয়ভাবে একটি স্লট দেখানো হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে।
অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। আপলোড করা ভিসা আবেদনপত্রের পিডিএফ ৩০ দিনের বেশি পুরোনো হলে তা গ্রহণযোগ্য হবে না।
যেসব কাগজপত্র লাগবে
-
কমপক্ষে ছয় মাস মেয়াদসহ মূল পাসপোর্ট এবং অন্তত দুইটি খালি পৃষ্ঠা।
-
পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি ও পুরোনো সব পাসপোর্ট।
-
সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
-
জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপি।
-
বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিলের কপি।
-
চাকরিজীবীদের জন্য নিয়োগপত্র, শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।
-
১৫০ ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা ব্যাংক স্টেটমেন্ট।
-
রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন আবেদনপত্র।
কত লাগবে খরচ?
ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ভিসা ফি নেয় না। তবে আবেদন প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাককে ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এ অর্থ পরিশোধ করতে হবে।
যেভাবে ফেরত পাবেন পাসপোর্ট
ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।






