আন্তর্জাতিক যুব দিবসে নড়াইলে জামায়াতের যুব বিভাগের র্যালি ও সমাবেশ
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নড়াইলে যুব র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকালে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি যুব র্যালি বের করা হয়। র্যালিটি শহরের রূপগঞ্জ বাজার, হাতিরবাগান গোলচত্বর হয়ে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
পরে পুরাতন বাস টার্মিনাল গোলচত্বরে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নড়াইল জেলা শাখার সভাপতি মুহাম্মাদ খিয়াম উদ্দিন সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
প্রধান অতিথি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ ও নিরাপদ দেশ গড়ে তুলতে মেধাবী ও বেকার যুবকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ এবং উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি।
তিনি আরো বলেন, যুবকদের সঠিক পথ ও কাজের সুযোগ দিলে তারা অপরাধ, মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। যুবশক্তির যথাযথ বিকাশের মাধ্যমেই গড়ে উঠতে পারে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য হেমায়েতুল হক হিমু, আইয়ুব হোসেন খান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, জেলা যুব বিভাগের সেক্রেটারি আশিকুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও যুব সদস্যরা।
সমাবেশে যুবসমাজের দায়িত্ব, অধিকার ও ভবিষ্যৎ প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে বক্তারা বক্তব্য দেন।






