গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে গণমিছিল ও সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে রূপগঞ্জ মুচিরপোলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য হেমায়েতুল হক হিমু ও জামিরুল হক টুটুল, জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মো. আকিদুল ইসলাম এবং সেক্রেটারি মিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান জানিয়ে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, এ বিষয়ে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা করা হলে জনগণ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বক্তারা আরও বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে গণআন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করা হবে। তারা অতীতের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে প্রয়োজনে রাজপথে আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন।






