অনুদান বিতর্কে মুখ খুললেন এমপি বাচ্চু, ফেসবুকে দিলেন ব্যাখ্যা

২৭ জুন, ২০২৬ - রাত ১২:৪৭
 11.2k
অনুদান বিতর্কে মুখ খুললেন এমপি বাচ্চু, ফেসবুকে দিলেন ব্যাখ্যা

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আতাউর রহমান এর ঐচ্ছিক তহবিল হতে ২০২৫-২০২৬ অর্থ বছরে বরাদ্দকৃত  ১,৮৩,৫০০/- টাকা অনুদান সংক্রান্ত চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

সিনিয়র সহাকারী সচিব রাখী আহমেদ এর ১৪.০৬.২০২৬ তারিখের স্বাক্ষরিত চিঠিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এর সন্তানের নাম রয়েছে বলে অভিযোগ করা হয়।

ঐচ্ছিক তহবিলের অনুদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। তিনি দাবি করেছেন, বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ।

নিজের ফেসবুক পোস্টে এমপি  আতাউর রহমান বলেন,

আমার কৈফিয়তঃ 

প্রিয় নড়াইলবাসী
আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। একজন এমপি জনকল্যাণমূলক কাজের জন্য অর্থ বছরে ৫,০০,০০০/- টাকা ঐচ্ছিক অনুদান তহবিল পেয়ে থাকে। আমি যেদিন শপথ নিয়েছি সেদিন থেকে এই অর্থ বছরে হিসাব করলে নড়াইল ২ আসনে ১,৮৩,৫০০/-  টাকা পাওয়ার কথা। 
সেই টাকা নেয়ার জন্য সংসদ সচিবালয়ে নামের তালিকা আগে জমা দেয়া লাগে।
আমি এলাকায় ব্যস্ত থাকার মধ্যে পিএস ফোন দিলো আজকের দিনের মধ্যে নামের তালিকাসহ ডিও জমা দিতে হবে। আমি তাকে বললাম তুমি সব ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে জমা দাও। 
সে বলল, অফিস থেকে বলেছে এখন কিছু পরিচিত নাম দিয়ে এটা তুলে নিতে হবে পরে বিভিন্ন সময়ে বিতরণ করে প্রকৃত তালিকা আপনারা সংরক্ষণ করতে পারবেন। 
তখন পিএস এর কাছে থাকা স্বাক্ষর করা প্যাডে এই তালিকা টা অফিসে জমা দিয়েছে। তালিকায় কাদের নাম দিয়েছে আমি দেখারও সুযোগ পায়নি।
এমনকি কি সেই টাকা টা এখনও আমি হাতে পায়নি। 
কিন্তু এখন দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লেখা। 
টাকা হাতে পাওয়ার পর এই অর্থ বছর শেষ হলে অন্যান্য অনুদানের মতো প্রকৃত তালিকা নড়াইল ২ আসনের জনগণ জানতে পারবে ইনশাআল্লাহ। 
যারা হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমার অফুরন্ত দোয়া। 
নির্বাচনের পূর্বেও আপনাদের অনেকের অপপ্রচারের কারণে মহান আল্লাহ আমার পরিচিত অনেক বাড়িয়ে দিয়েছিলেন।
জনগনের হকের একটি পয়সাও আমি বা আমার পরিবারের কেউ আগামী ৫ বছরে
 ছুঁয়ে দেখবে না ইনশাআল্লাহ।