নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
শুক্রবার (২৬ জুন) জেলা মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য, ইসলামী ইতিহাসে হিজরতের শিক্ষা এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইসলামী মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। তারা নতুন হিজরি বছরকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবকল্যাণে আত্মনিয়োগের অঙ্গীকারের মাধ্যমে শুরু করার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা, ইমাম, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।





