আলোচিত হুন্ডি কাজল অধ্যায় শেষ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোচিত ও বিতর্কিত ব্যক্তি ‘হুন্ডি কাজল’ নামে পরিচিত ফারুক আহমেদ কাজল’ মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন যাবত কিডনির জটিলতায় ভোগার পর ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে উত্তর চব্বিশ পরগনার চাকদহের একটি বেসরকারি ক্লিনিকে মারা যান ফারুক আহমেদ কাজল ওরফে হুন্ডি কাজল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
বৃহস্পতিবার ভারতে স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই কবি চঞ্চল শাহরিয়ার।
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতিভাবান ফুটবলার হিসেবে এক সময়ে পরিচিত ছিলেন কাজল।
তবে নব্বইয়ের দশকে তিনি ‘হুন্ডি কাজল’ নামেই বেশি পরিচিতি পান।
উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গড়ে তোলা তার আর্থিক নেটওয়ার্কে ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের হাজারো মানুষ অর্থ বিনিয়োগ করেছিলেন। পরবর্তীতে সেই কার্যক্রম ভেঙে পড়লে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর আগ পর্যন্ত তার নামে কয়েকটি মামলার বিচার চলমান ছিল এবং গ্রেপ্তারি পরোয়ানাও কার্যকর ছিল।
দীর্ঘদিন ধরেই তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন। শেষ জীবন কাটে ভারতের পশ্চিমবঙ্গে।
হুন্ডি কাজলের মৃত্যুর খবরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও আলোচনায় এসেছে নব্বইয়ের দশকের সেই আলোচিত আর্থিক কেলেঙ্কারি। অনেকের কাছে তিনি বিতর্কিত, আবার অনেকের কাছে একটি সময়ের আলোচিত চরিত্র।
তার মৃত্যুতে শেষ হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল আলোচিত এক অধ্যায়ের।






